ভোলার বাপতায় আহলে হাদিস-হানাফি বিবাদে ভাঙল মসজিদ

ফাতেহ ডেস্ক ঃ

ভোলা  সদরের বাপতা ইউনিয়নে হানাফি-আহলে হাদিস বিবাদে মারকাজুল ফোরকানিয়া নামের মসজিদ কমপ্লেক্সটি  ভেঙ্গে দিয়েছে স্থানীয় উশৃঙ্খল জনতা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে এই ঘটনার সত্যতাও পাওয়া গেছে। অবশ্য উভয় পক্ষ একে অপরের ওপর এর দোষ চাপাচ্ছে।

আহলে হাদিস ভোলা জেলা নামের ফেসবুক পেইজ থেকে ভিডিওটি প্রচার করা হয়, এখনো পর্যন্ত প্রায় আড়াই হাজারবার শেয়ার হয়েছে। পয়ত্রিশ হাজার বারের মতো ভিউ হয়েছে। ফলে আহলে হাদিসদের মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক মাদরাসার শিক্ষক বলেছেন, ‘তিনি গতকাল রাতে ঘটনাটি শুনেছেন।বিতর্কিত বক্তা আমীর হামজাকে আসতে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত হয়। এর আগে বাহিরের অর্থায়নে নিজস্ব মতামত প্রচারের জন্য বিশেষায়িত আহলে হাদিস  মসজিদ-মাদরাসা কমপ্লেক্স নির্মাণ করা হয়। বিশেষায়িত আহলে হাদিস মসজিদ কেন হবে, এ নিয়ে বিবাদ দানা বাঁধতে থাকে। প্রশাসনের বাঁধা অমান্য করে বিশেষ এক রাজনৈতিক দলের সাহায্যে কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।’

স্থানীয় আহলে হাদিসের অনুসারীরা অবশ্য বলছেন, তারা স্বতন্ত্রভাবে সহি ইসলাম পালন করতে চান, মক্কা-মদিনার ইসলামের অনুসরণ করতে চান, ‘ কোরআন-হাদিসের বিরোধী হলে আমাদের তো বলতে হবেই।’ থানায় মামলা করার চেষ্টা করা হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে তারা অভিযোগ করছেন।

‘ স্থানীয় অধিবাসীদের নামাজ হয়না, আকিদাও সহিহ নেই, এমন প্রচারণায় মানুষের মধ্যে উত্তেজনা বাড়ে। একপর্যায়ে এই দুর্ঘটনাটি ঘটল।’ মাদরাসার শিক্ষক জানান।

অবশ্য তিনিও স্বীকার করেছেন, ঘটনাটি ভালো উদাহারন সৃষ্টি করলোনা, ‘ এই সঙ্কটের মীমাংসা দরকার, তবে এভাবে নয়, এতে তো ইসলাম বিরোধীরাই উপকৃত হবে।’

বিশেষায়িত মসজিদ নির্মাণ ও নাকচের প্রবণতার কারণেই এই বিবাদ, মাদরাসার শিক্ষক বলেন, ‘ প্রশাসনের উচ্চপর্যায় থেকেও তাদেরকে এমন আলাদা সমাজ কায়েম করতে বাঁধা দেওয়া হয়েছিল।তারা মানেন নি। ফলে উত্তেজনা বেড়েছে। উত্তেজনা বৃদ্ধির এক পর্যায়ে এই দুর্ঘটনা ঘটল।’

আগের সংবাদ৬ মাসে ফিলিস্তিনের ৩৫৩৩ নাগরিক গ্রেফতার
পরবর্তি সংবাদঅতি দরিদ্র মানুষের সংখ্যায় নাইজিরিয়া ছাপিয়ে গেল ভারতকে