
ফাতেহ ডেস্ক
ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লোপাট হচ্ছে কিন্তু সেদিকে দুদকের খেয়াল নেই, তারা প্রাইমারি স্কুলে টিচারের উপস্থিতি দেখতে ব্যস্ত। সকালে কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায়পূর্ব শুনানিতে এ মন্তব্য করে হাইকোর্ট।
বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন দুই বিচারপতির বেঞ্চ আজ এই পর্যবেক্ষণ দেন। শুনানিতে দুদকের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। অনিয়ম,দুর্নীতির ক্ষেত্রে কোন বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত, দুদকের আইনজীবীর কাছে সেই প্রশ্ন রাখেন আদালত।
গেল বছর ফেব্রুয়ারিতে কোচিং বাণিজ্যের অভিযোগে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে জন্য কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।
দুদকের প্রতিবেদনের ওপর ভিত্তিতে এ নোটিশ দেয় সরকার। পরে হাইকোর্টে রিট আবেদন করেন অভিযুক্ত শিক্ষকরা।
হাইকোর্ট ২৮ ফেব্রুয়ারির ওই নোটিশের কার্যকারিতা চার মাসের জন্য স্থগিত করে। পরবর্তীতে ওই স্থগিতাদেশ বাতিল করে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দেয় আপিল বিভাগ। শুনানি শেষে রায় পূর্ব শুনানিতে আজ এ পর্যবেক্ষণে দেয় আদালত।
