ধর্মীয় মূল্যবোধ যেভাবে রুখতে পারে আত্মহত্যার প্রবণতা

ওমর ফারুক

বাংলাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। এক জরিপ অনুযায়ী, আত্মহত্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান দশম। পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ হাজার লোক আত্মহত্যা করেন, যাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। বয়সের হিসেবে তরুণ-তরুণীরাই বেশি আত্মঘাতী হচ্ছেন। আত্মহত্যার চেষ্টা করেন এরচেয়েও আরও ১০ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, সারা পৃথিবীর যত মানুষ আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করে, তার মধ্যে ২.০৬ শতাংশ বাংলাদেশি। বাংলাদেশে প্রতিবছর প্রতি লাখে ১২৮.০৮ জন মানুষ আত্মহত্যা করে। প্রতিবছর এই সংখ্যা বাড়ছে। বাংলাদেশে প্রতিদিন ২৮ জন মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা প্রতিরোধে মনস্তাত্তিক চিকিৎসার কথা বলছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে ধর্মীয় মূল্যবোধ তৈরিতেও গুরুত্ব দিয়েছেন।

বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল বাংলাদেশের দু’জন প্রখ্যাত ইসলামি আইন বিশেষজ্ঞের সঙ্গে। জামিয়া শরইয়্যাহ মালিবাগ মাদরাসার সহযোগী মুফতি আব্দুল্লাহ আল মাসুম বলেন, আত্মহত্যার বিষয়টি সকলের কাছেই নিন্দনীয়। ইসলামি দৃষ্টিকোণ থেকে এর আলাদা করে আলোচনার প্রয়োজন হবে বলে মনে করি না। কারণ বিষয়টি নিন্দনীয় হওয়ার ব্যাপারে স্বাভাবিক মস্তিস্কের কোনো মানুষের সন্দেহ থাকার কথা নয়।

‘হাদীসে রয়েছে, যারা নিজেদেরকে মৃত্যুর দিকে অগ্রসর করে নিয়ে যায়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। ইসলামে আত্মহত্যাকারীর পরিণতি সরাসরি জাহান্নামের কথা বলা হয়েছে।’

মুফতি মাসুম বলেন, ইসলামের এ বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে। মসজিদের আলোচনা, ওয়াজ মাহফিল ও সেমিনারের মাধ্যমে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টির ভয়াবহতা ও শেষ পরিণতির ভয় মানুষের মাঝে জাগিয়ে তুলতে হবে।এবং লেখালেখির মাধ্যমেও সচেতনতা তৈরি করতে হবে।

‘পাশাপাশি তাদের মনস্তাত্তিক চিকিৎসার প্রতিও গুরুত্ব দিতে হবে।আত্মহত্যার চেষ্টা হলে প্রয়োজনে সরকারি উদ্যোগে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

রাজধানীর মারকাযুল মাআরেফিল ইসলামির ফতোয়া বিভাগের শিক্ষক মুফতি হেদায়েতুল্লাহ ফাতেহ২৪কে বলেন, আত্মহত্যা একটি মহাপাপ। যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তারা মনে করেন, এর পরিণতি জাহান্নাম ছাড়া কিছু নয়।

‘তবে আত্মহত্যার প্রতিরোধে আগে আরও কিছু বিষয় নিয়ে ভাবতে হবে। কি কারণে মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আত্মহত্যার কারণগুলো ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হয় তাহলে এগুলো আগে পরিহার ও প্রতিরোধের ব্যবস্থা করতে হবে।’

‘যেমন সমাজে প্রেম ঘটিত বিষয়ে আত্মহত্যা হয়, হতাশা ও বিষন্নতা থেকে আত্মহত্যা হয়, ব্যর্থতার গ্লানি থেকে আত্মহত্যা হয়, অতিমাত্রায় অর্থলিপ্সা ও দারিদ্রতাও মানুষকে এ পথে নিয়ে যায়। দেশ ও সমাজকে আগে এসব বিষয়গুলো সমাধানে খেয়াল করা প্রয়োজন। ইসলামে এসকল কারণগুলোও নিষিদ্ধ ও বর্জনীয়।’

তিনি বলেন, নারী নির্যাতনের কারণেও অনেক নারী আত্মহত্যা করে থাকেন। এসব বিষয়গুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের কাছে তুলে ধরতে হবে। তাহলেই ধীরে ধীরে আত্মহত্যা থেকেও পরিত্রাণ পাওয়া সম্ভব হবে।

‘এছড়া ইসলামে ধৈর্য্য ও সবরের কথা বলা হয়েছে। ধৈর্যশীলদের জন্য রয়েছে পুরস্কারও। জীবনের যেকোনো প্রতিকূল পরিবেশে এ ধৈর্যের পাহাড় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। কখনোই ধৈর্যহারা হওয়া যাবে না। ইসলামের এসব বিষয়গুলোর প্রতি লক্ষ্য আশা করা যায় এর মাত্রা কমে আসবে।’

আগের সংবাদসুদানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৯
পরবর্তি সংবাদইয়েমেনে অপুষ্টিতে ভুগছে ১৮ লাখ শিশু