
আল আমীন
আজ দুপুর ৩টায় লালবাগ শাহী মসজিদ চত্বরে মাওলানা আহলুল্লাহ ওয়াসেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় অংশগ্রহণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ,শীর্ষ আলেম ও এলাকাবাসী।জানাজার ইমামতি করেন লালবাগ মাদরাসার প্রবীন মুহাদ্দিস ও সদর মাওলানা আব্দুল হাই।
জানাজার পূর্বে মরহুমের স্মরণে অনেকে আলোচনা পেশ করেন।
ইসলামী ঐক্যজোটের সংগ্রামী মহাসচিব ও লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ আবেগ-আপ্লুত ভাষায় বলেন, আহলুল্লাহ ওয়াসেল আমার ভাই, বন্ধু ও সহকর্মী ছিলেন।আমি তাকে খুব কাছ থেকে দেখেছি। উনি একজন মুখলেস আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। একজন সাহসী ও বিজ্ঞ আলেম ও লেখক ছিলেন। তার মৃত্যুতে যে ক্ষতি হল, তা কখনো পূরণ হবার নয়।
ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরুল ইসলাম বলেন, আহলুল্লাহ ওয়াসেল ছিলেন একজন বিজ্ঞ আলেম, লেখক ও রাজনীতিবিদ।তার সাথে দীর্ঘদিনের সম্পর্কে কখনো তাকে কোন বিষয়ে রাগ করতে দেখিনি। খুব নরম মনের মানুষ ছিলেন তিনি।আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুন।
বিশিষ্ট লেখক ও গবেষক মাওঃ শরীফ মোহাম্মাদ বলেন, মরহুমের মতো শান্ত ও দিলদার ব্যক্তি আমি আর কাউকে দেখিনি।তিনি অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন।
জানাজায় ইসলামী ঐক্যজোটের অনেক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এরমধ্যে সহকারী মহাসচিব মাওলানা জোবায়ের আহমদ ও মাওলানা জসিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুফতী সাখাওয়াত হোসাইন রাজি, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন,মাওলানা আবুল কাসেম, শেখ লোকমান হোসাইন,মাওলানা এহতেশাম সরোয়ার বড় কাটারা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাইফুল ইসলাম,মাওলানা ফারুক আহমদ,মাওলানা জুনায়েদ গুলজার, মাওলানা গাজী ইয়াকুব এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।।
এছাড়া উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলামের সহসভাপতি ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা জুনায়েদ আল হাবিব, জমিয়ত নেতা মাওলানা ফজলুল করীম কাসেমী,মাওলানা ইমরানুল বারী সিরাজী,মাওলানা বছিরুল হাসান,মাওলানা ওমর ফারুক,ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ও ঢাকা ৭ আসনের মনোনীত প্রার্থী মাওঃ আব্দুর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ গোলাম আজগর,বিশিষ্ট লেখক বশির মেসবাহ,চকবাজার শাহী মসজিদের খতিব মাওলানা নাঈম রেজোয়ান,বিশিষ্ট লেখক মাওলানা সাইমুম সাদী সহ হাজারো আলেম ওলামা ও সর্বস্তরের মুসল্লীগণ।
জানাজা শেষে তার লাশ নিয়ে যাওয়া হয় মরহুমের জন্মস্থান নরসিংদী জেলার মনোহরদী থানায়। সেখানে এশার পর দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
