
ফাতেহ ডেস্ক
সংরক্ষিত আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হতে তৎপরতা চালাচ্ছেন নারী নেত্রীরা। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার চেষ্টা করছেন অনেকেই।
আবার অনেকে প্রধানমন্ত্রীর আস্থাভাজনদের সঙ্গে দেখা করে মনোনয়নের তদবির করছেন। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, ত্যাগী নেতাদেরই মূল্যায়ন করা হবে, প্রাধান্য পাবে নতুন মুখ।
নির্বাচন ও সরকার গঠনের পর সামনে এসেছে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন। সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মঙ্গলবার থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। এসব আসনে সংসদ সদস্য হতে দলের প্রায় ২০০ নেতাকর্মী প্রত্যাশায় আছেন।
দলীয় সূত্রে জানা গেছে, নতুনদের সুযোগ দিতে দশম সংসদে যারা এমপি ছিলেন তাদের বেশিরভাগই বাদ পড়তে পারেন। মনোনয়ন পেতে পারেন ১৪ দল নেত্রীরাও।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগেই সংরক্ষিত আসনের সদস্যরা নির্বাচিত হতে পারেন। ৩০ ডিসেম্বরের ভোটে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে এবার সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি।
