
ফাতেহ ডেস্ক: দলীয় পরিচয় নয়, সব প্রার্থীকে সমানভাবে দেখতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকালে নির্বাচন ভবনে সরকারি কর্মচারীদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।
ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও গাজীপুর- চার জেলার নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে ব্রিফিং করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচনে মাঠ পর্যায়ে যে সাত লাখের বেশি কর্মকর্তা কাজ করবেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন এ কর্মকর্তারা। তাই সুষ্ঠু ভোটের স্বার্থে সরকারি এ কর্মকর্তাদের সতর্কতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি।
এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক প্রার্থী অংশ নিচ্ছেন জানিয়ে সিইসি বলেন, এ থেকেই প্রমাণ হয় কমিশনের প্রতি সবার আস্থা তৈরি হয়েছে।
সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। বলেন, দলীয় পরিচয় না দেখে প্রার্থীকে প্রার্থী হিসেবেই বিবেচনা করতে হবে।
নির্বাচনি কর্মকর্তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ভোটারদের প্রত্যাশা যেন পুরোপুরিভাবে পূরণ হয় তা নিশ্চিত করার আহ্বানও জানান কে এম নূরুল হুদা।
