
ফাতেহ ডেস্ক
পাকিস্তানে নতুন করে বিনিয়োগ করতে যাচ্ছে সৌদি আরব। যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ হবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ওমর আসাদ। সম্প্রতি দেশটির এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নতুন নয়। পাশাপাশি আছে জঙ্গি হামলা। এসব কারণে অনেক দেশই তাদের ব্যবসা গুটিয়ে নেয় দেশটি থেকে। এরপর দেশটিতে তেমন কোনো বিনিয়োগের কথা শোনা যায়নি।
পাকিস্তান এখনো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে বলে মনে করেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এসব জঙ্গিরা যুক্তরাষ্ট্রের সেনাদের হত্যা করছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না করলে পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের কোনো আর্থিক সহায়তা দেয়ার বিপক্ষে তিনি।
এদিকে কয়েক মাস আগে সাংবাদিক জামাল খাসোগজির হত্যার দায়ে অভিযোগের আঙ্গুল ওঠে সৌদির দিকে। এর পরপরই বিভিন্ন দেশ ও ব্যবসায়ী প্রতিনিধিদের একটি বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদিতে। যেখানে অংশ নেয় পাকিস্তানও। এ সম্মেলনেই বিভিন্ন দেশের সাথে সৌদি আরবকেও পাকিস্তানে বিনিয়োগের আমন্ত্রণ জানান দেশটির নতুন প্রধানমন্ত্রী ইমরান খান।
এরপরই পাকিস্তানে বিনিয়োগের সাহস দেখালো সৌদি আরব। পাকিস্তানের অর্থমন্ত্রী ওমর আসাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, বিনিয়োগের সুনির্দিষ্ট বিষয়ে আগামী সপ্তাহেই ঘোষণা আসবে। এ ব্যাপারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান হচ্ছে বলে জানান ওমর আসাদ।
