ফাতেহ ডেস্ক: বিএনপি অভিযোগ করেছে, নির্বাচন কমিশন ভালো নির্দেশনা দিলেও গাজীপুরের স্থানীয় প্রশাসন তা মানছে না। অনেক ক্ষেত্রে উল্টো কাজ করা হচ্ছে। সরকারের প্রশাসন নির্বাচনের কাজে হস্তক্ষেপ করছে। এই পরিস্থিতিতে আবারো গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদের প্রত্যাহার দাবি করেছে দলটি। পুরনো এই দাবি নিয়ে ভোটের দুই দিন আগে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাত্ করেছে বিএনপির তিন সদস্যর একটি প্রতিনিধিদল। পুলিশ সুপার প্রত্যাহার না করলে গাজীপুরে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে প্রতিনিধিদলের সদস্যরা।
গতকাল রবিবার দুপুরে সিইসিসহ অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাত্ করেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বেলা ২টার পর নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধিদলটি। সিইসিসহ বাকি চার নির্বাচন কমিশনারের সঙ্গে তাদের দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
বৈঠক শেষে আবদুল মঈন খান সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও বরকত উল্লাহ বুলু।
মঈন খান সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের নির্দেশ মানছে না স্থানীয় প্রশাসন। এখন পুলিশ গিয়ে ভোটকেন্দ্র দখল করলে তো নির্বাচন কমিশনের নির্দেশ মানা হলো না। পুলিশের কাজ তো নির্বাচন নিয়ন্ত্রণ করা না। কিন্তু খুলনায় অনেক জায়গায় দেখা গেছে পুলিশ নির্বাচন নিয়ন্ত্রণ করছে।
গাজীপুরের পুলিশ সুপারের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একজন মানুষের কারণে পুরো নির্বাচন আজ প্রশ্নের সম্মুখীন হয়ে পড়বে। অথচ তাকে প্রত্যাহার করার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। সেই ক্ষমতা আপনারা ব্যবহার করুন। সেই কর্মকর্তাকে প্রত্যাহার করুন। আমরা সেই অনুরোধ করেছি।
বিএনপি গাজীপুর নির্বাচনে কারচুপির আশঙ্কা করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশঙ্কা করছি বলেই তো কথা বলার জন্য এখানে এসেছি। সিইসি সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি, অতীতেও সহযোগিতা করেছি এ নির্বাচনেও সহযোগিতা করবো।
