
ওমর ফারুক: আজ মঙ্গলবার থেকে সিলেটসহ রাজশাহী ও বরিশাল সিটিতে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। দেশের তিন সিটি নির্বাচন নিয়ে উৎসুক দেশবাসীর আগ্রহের কমতি নেই। এসব সিটিতে গত নির্বাচনে বিএনপি প্রার্থীদের জয়ের ধাক্কায় আ.লীগ এবারের গাজীপুর সিটিতে জয় ছিনিয়ে আনতে বাধ্য হয়ে পড়েছিল। সে প্রস্তুতি এসব সিটির জন্য বরাদ্ধ বলা যায়।
আ.লীগের জয় ছিনিয়ে আনতে রাজশাহী ও বরিশালে গাজীপুরের মতো একই শক্তি প্রয়োগ করতে হলেও সিলেট সিটি নির্বাচনে সহজেই কৌশলী বিজয় আসবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ সোমবার শেষ দিনেও বিএনপির বিদ্রোহী প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করেনি। এদিকে শরিক দল জামায়াতের প্রার্থীও নিজেদের সিদ্ধান্তে অটল। দেশ-বিদেশ থেকে চাপ ও নানা অনুরোধের পরও শেষ পর্যন্ত বিএনপির শরিক দল জামায়াতের মেয়র প্রার্থী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জমান সেলিম মাঠেই রয়ে গেছেন। ফলে বিএনপির সিলেট সিটি নির্বাচনে জয়ের আশা নিভু নিভু। শরিক দল জামায়াত ও বিদ্রোহী প্রার্থীই বিএনপির হেরে যাওয়ার কারণ হতে পারে। যদিও শেষ পর্যন্ত রাজনীতির মোড় ঘুরে যাওয়ারও সম্বাবনা রয়েছে।
কোন কোন মহল মনে করেছিল, শেষ মুহূর্তে হয়তো কোন নাটকীয় পরিবর্তন আসতে পারে। কিন্তু গতকাল দিন গড়ানোর পরও দৃশ্যপটের কোন পরিবর্তন হয়নি। সবাই যার যার অবস্থানে অনড়। বিএনপির শক্তিশালী প্রার্থী আরিফুল হক চৌধুরীও আশা করছিলেন তার মিত্ররা হয়তো শেষ মুহূর্তে প্রার্থিতা প্রত্যাহার করে তাকে সহযোগিতা করবেন। কিন্তু তা না হওয়া মেয়র প্রার্থী আরিফুল হকের আশা ভঙ্গ হয়েছে।
২০১৩ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনে আরিফুল হক চৌধুরী আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানকে ৩৫ হাজার ভোটে হারিয়েছিলেন। এবার তার নির্বাচনী বৈতরণী পার হওয়া কঠিন কিনা এমন প্রশ্নের জবাবে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, এতে তেমন প্রভাব পড়বে না। কারণ, এটি স্থানীয় নির্বাচন।
এদিকে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার প্রতীক পাওয়ার পরই তারা কর্মী-সমর্থকদেরকে সাথে নিয়ে প্রচারণায় নেমেছেন। অধিকাংশ প্রার্থীই প্রচারণা শুরু করার আগে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন।
মঙ্গলবার সকালে প্রতীক হাতে পেয়েই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতে যান কামরান ও আরিফ। মাজার জিয়ারতের পর দরগা গেইট এলাকায় জনসংযোগ করে তারা। এসময় গণমাধ্যমের সাথে আলাপকালে জয়ের আশাবাদ ব্যক্ত করেন মেয়র পদের প্রধান এ দুই প্রতিদ্বন্দ্বী।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব গ্রহণের পর বেশিরভাগ সময় আমি কারাগারে ছিলাম, তাই আমার নির্বাচনী প্রতিশ্রুতির অনেকটা বাস্তবায়নের সুযোগ পাইনি। তারপরও আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করতে পেরেছি বলে মনে করি। তিনি বলেন, আমার বিরুদ্ধে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তবে সিলেটবাসী আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশাকরি ৩০ জুলাইয়ের নির্বাচনে সিলেটবাসী ভোট দিয়ে আমাকে আবারও বিজয়ী করবেন। নির্বাচিত হলে নগর ও নগরবাসীর উন্নয়নে আমি জীবন বাজি রেখে কাজ করবো। নির্বাচনে কোনো ধরণের অশুভ শক্তি যেন অনিয়ম করেতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে নগরবাসীকে।
নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে আওয়ামী লীগ মনোনীত বদর উদ্দিন আহমদ কামরানও। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। আশা করছি ৩০ জুলাইয়ের ভোটের ফল আমাদের পক্ষেই আসবে। তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও সিলেটবাসীর খেদমত করতে চাই। সিলেটকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সবার সমর্থন প্রয়োজন। আশা করছি সবাই সহযোগিতা করবেন।
সকাল ১১টায় মাজার জিয়ারত করো প্রচারণা শুরুর সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা দলের দফতর সম্পাদক অ্যাডভোকেট শাহসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিয়য়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান, আওয়ামী লীগ নেতা জুবায়ের খান, জেলা যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তিসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এবার সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীসহ মোট ৭ জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন, বিএনপির বিদ্রোহী নেতা স্বতন্ত্র প্রার্থী বদরুজ্জামান সেলিম, জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদ মনোনিত প্রার্থী জাফর আহমদ, ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী ডা. মোয়াজ্জেম আহমদ ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের।
