সঙ্কট দূর করতে ২৮ জুলাই আবারো আলেম ও তাবলীগের সাথীদের জোড়

বিশেষ প্রতিবেদকঃ

দিল্লীর নেজামুদ্দিনে মাওলানা সাদ ও বাংলাদেশের ওয়াসিফুল ইসলামের অনুসারীদের দেশব্যাপি মারমুখি অবস্থানের প্রেক্ষিতে ২৮ জুলাই শনিবার ঢাকার মোহাম্মদপুরে আবারো বসছেন আলেম-উলামা ও তাবলীগী সাথীরা। ওই তারিখে  দিনব্যাপী জোড় অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে।

সূত্রটি জানিয়েছে, বিশ্ব তাবলীগ জামাতের প্রধান তিন মুরুব্বি ছিলেন হজরতজি মাওলানা ইলিয়াস রহঃ, হজরতজি মাওলানা মুহাম্মদ ইউসুফ রহঃ এবং হজরতজি মাওলানা ইনামুল হাসান রহঃ। এই আকাবিরে সালাসা বা তিন পথিকৃৎ ব্যক্তিত্বের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কর্মপন্থা ( মানহাজ ) থেকে সরে গিয়ে একটি নতুন ধরণের বিভ্রান্তির জন্ম দিয়েছেন দিল্লীর মাওলানা সাদ। দারুল উলুম দেওবন্দের ফতোয়া, বিশ্ব তাবলীগী শুরা,পাক-ভারত উপমহাদেশের বরেণ্য আলেমদের বারবার সতর্ক ও সংশোধনের আহবানের পরেও মাওলানা সাদের একগুঁয়েমির কারণে তাবলীগ জামাতের মধ্যে তার অনুসারীদের নিয়ে তিনি একটি ভিন্ন ফেরকা কিংবা মতাদর্শ প্রতিষ্ঠার পথে হাঁটতে শুরু করেছেন।

পৃথিবীর বহুদেশে তার  বিতর্কিত বক্তব্য ও অবস্থানের বিরুদ্ধে আওয়াজ উঠলে তিনি নিজেকে আমীর ঘোষণা করে বিভিন্ন জায়গায় আনুগত্যের বাইয়াত নিতে থাকেন । এরপর থেকে বিভ্রান্তি ও সঙ্কটে নতুন মাত্রা যোগ হয়। তার অনুসারীরা দেশ-বিদেশে মারমুখী আচরণের মধ্য দিয়ে সাধারণ তাবলীগী সাথীদের কোণঠাসা করার পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে মাওলানা সাদের ভ্রান্তিগুলোর বিষয়েও নিজেদের অনড় অবস্থান ব্যক্ত করছে। মাওলানা সাদের অনুসারী নন- এমন তাবলীগের সাথীরা জানায়, সম্প্রতি নেজামুদ্দিনে বাংলাদেশী সাথীদের জোড় অনুষ্ঠানের পর সাদপন্থী তাবলীগী ভাইদের বাড়াবাড়ি, আলেমদের প্রতি অশ্রদ্ধা ও বেয়াদবি, হামলা, মারকাজ দখলসহ বিভিন্ন ঘটনায় তাবলীগের চলমান কাজে মারাত্মক সঙ্কট সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে তাবলীগের কাজ, সাধারণ তাবলীগী ভাইদের নিরাপত্তা ও সৌহার্দ্য রক্ষা এবং তাবলীগের কাজে আকাবিরে সালাসার মানহাজ অক্ষুন্ন রাখার জন্য সচেতনতামূলক প্রচেষ্টার অংশ হিসেবেই ২৮ জুলাইয়ের জোড়টি অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাবলীগ জামাতের কয়েকজন পুরনো আলেম সাথী জানান, বিভ্রান্তি সৃষ্টি ও ইসলামের মৌলিক বিষয়ে অপব্যাখ্যা প্রতিরোধের অংশ হিসেবে গতবার বিশ্ব ইজতেমার সময় মাওলানা সাদের ইজতেমা ময়দানে উপস্থিতি ফেরানোর মধ্য দিয়ে প্রত্যক্ষ ও ব্যাপকভাবে তাবলীগের কাজের সঙ্গে দেশের আলেম সমাজ জড়িত হন। যদিও শুরু থেকেই দাওয়াত ও তাবলীগের কাজে আলেমদের বড় একটি অংশ ওতপ্রোতভাবে জড়িত। বাংলাদেশে তাবলীগের সাথীদের বড় অংশটি আলেমদের নির্দেশনা ও পরামর্শ মেনে কাজ করছেন। এর বিপরীতে দিল্লীর মাওলানা সাদ ও বাংলাদেশের ওয়াসিফুল ইসলামের অনুসারীরা এই অবস্থা মেনে নিতে পারেনি। তারা কাকরাইল মারকাজকে এড়িয়ে ঢাকা মিরপুর ৬ নাম্বারে আলাদা মারকাজ কায়েম ও সেই মারকাজ কেন্দ্রিক কাজ শুরু করে। জেলা পর্যায়েও আলেম ও সাধারণ তাবলীগীদের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা করে।

বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, এরই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় তারা হামলা,মারমুখি আচরণ, ইসলাম ও দাওয়াতের অপব্যাখ্যা এবং আলেমদের প্রতি কটূক্তির ধারাবাহিকতা বজায় রাখে। এতে তাবলীগের সাথীদের মধ্যে নিরাপত্তা ও সৌহার্দ্য এবং দ্বীনী দাওয়াতের কাজের ধারা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে থাকে। চৌষট্টি জেলার মধ্যে ছাব্বিশটি জেলার মারকাজ তারা নিজেদের প্রভাব প্রতিষ্ঠা করেছে। কোথাও কোথাও প্রশাসনকে ভুল বুঝিয়ে তাবলীগের সাধারণ সাথীদের পূর্ব ঘোষিত জোড় অনুষ্ঠানে বাঁধা দিয়েছে। কক্সবাজার, পাবনা, যশোর, নাটোর, চট্টগ্রামসহ বিভিন্ন জেলা পর্যায়ের মারকাজ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মাওলানা সাদ ও ওয়াসিফ অনুসারীরা সাধারণ তাবলীগী সাথী ও আলেমদেরকে শারীরিকভাবেও নাজেহাল করেছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন মহল্লার মসজিদেও এজাতীয় ঘটনা ঘটেছে। বিভ্রান্তি ও হানাহানি দূর করতে গত কয়েকমাসে আলেম ও তাবলীগী সাথীদের বেশ কয়েকটি সম্মেলন অনুষ্ঠানের পরও এই সঙ্কটের পুরোপুরি সুরাহা হয়নি। সাদপন্থীদের আচরণগত উগ্রতা কিছুতেই থামছে না। তাবলীগী জামাতের আলেম ও সাধারণ শিক্ষিত সাথীদের বড় অংশটি দিল্লীর মাওলানা সাদের ভ্রান্তি ও ঢাকার ওয়াসিফুল ইসলামের নির্দেশনা অনুসরণের পরিবর্তে আলেমসমাজ ও পুরনো তাবলীগী সাথীদের নির্দেশনায় দাওয়াতের কাজ এগিয়ে নিচ্ছে। কিন্তু সাদপন্থীদের একগুঁয়েমি ও মারমুখী আচরণের কারণে তাবলীগের চলমান শান্তিপূর্ণ দরদী কাজে যে মারাত্মক ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে, তা দূর হওয়া দরকার।

জানা গেছে, দ্বীনের দাওয়াতি কাজে যেন কোনো ভ্রান্তি ও হানাহানি বিরাজ না করে, সেজন্যই ২৮ জুলাইয়ের জোড়ে প্রয়োজনীয় সচেতনতা, আরও ওজাহাতি ( স্পষ্টতামূলক ) বয়ান এবং সৌহার্দ মূলক দিকনির্দেশনা দেওয়া হবে। মোহাম্মদপুরের বড় একটি মাঠে অনুষ্ঠেয় এ জোড়ে কয়েক লাখ আলেম ও তাবলীগী ভাই অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। মিরপুরের আলেম ও তাবলীগী সাথী নুরুল ইসলাম কাসেমি জানান, তাবলীগের দরদী সাথীরা আলেমদের সাথে বারবার বসছেন। আলেমরাও তাবলীগী ভাইদের ডাকে ছুটে আসছেন। দ্বীনের মৌলিক বিষয়ে মাওলানা সাদের ধারাবাহিক বিভ্রান্তি থেকে বেঁচে কীভাবে প্রকৃত মানহাজ ও উসুল রক্ষা করে দাওয়াতের কাজ করা যায়, সেজন্য আলেম সমাজ ও তাবলীগী ভাইদের সমন্বিত ফিকির ও  দোয়া চলছে।

আগের সংবাদরুদ্ধশ্বাস অভিযানে থাই গুহায় আটকে পড়া সবাই উদ্ধার
পরবর্তি সংবাদসিলেট সিটি নির্বাচনে বেকায়দায় বিএনপি, আশার আলো নিভু নিভু