সতর্ক সরকার, কঠোর হতে পারে

ফাতেহ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে সরকার।

আন্দোলনের গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে তার প্রতিও নজর রাখছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা।

শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের বলপ্রয়োগ না করতে এখন পর্যন্ত সরকারি সিদ্ধান্ত রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে হালকা বল প্রয়োগের পাশাপাশি বিকল্প পদক্ষেপের বিষয়টিও সরকার চিন্তায় রেখেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

শিক্ষার্থীদের আন্দোলন পুঁজি করে বিরোধীপক্ষ বা যে কোনো ধরনের স্বার্থান্বেষীমহল অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলতে পারে। শিক্ষার্থীদের আন্দোলনের ভেতর সরকারবিরোধী বহিরাগতরা ঢুকে স্যাবোটাজ করতে পারে বলে সরকারের কাছে গোপন রিপোর্ট রয়েছে।

যে কারণে চলমান আন্দোলনের ওপর তীক্ষন নজর রাখছে সরকার। পুলিশসহ একাধিক গোয়েন্দা সংস্থার পাশাপাশি ক্ষমতাসীন দলের নেতাদেরও আন্দোলন-পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী রবি ও সোমবার পর্যন্ত সরকার আন্দোলন-পরিস্থিতি নজরে রাখবে। এরপরই পরিস্থিতি বিবেচনায় কঠোর হওয়ার চিন্তা মাথায় রয়েছে। সেক্ষেত্রে আন্দোলনকারীদের রাজপথ থেকে হটাতে মৃদু কঠোরতা দেখাতে পারে।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলেছে, শিক্ষার্থীরা গত কয়েকদিন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বড়রা যা পারেনি ছোটরা তা করতে পেরেছে। তারা নিরাপদ সড়কের দাবিতে যেসব দাবি তুলেছে তা মানতে ইতোমধ্যে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।

এবার শিক্ষার্থীরা ঘরে ফিরে পড়ালেখায় মনোযোগী হোক এটাই এখন সরকারের চাওয়া। এজন্য সরকার বিভিন্ন স্কুল-কলেজ পরিচালনা পর্ষদকেও অনুরোধ করছে শিক্ষার্থীদের ঘরে এবং ক্লাসে ফিরিয়ে নিতে। তারপরও শিক্ষার্থীরা না ফিরলে বিকল্প পদক্ষেপগুলো নিয়ে ভাবছে সরকারের নীতিনির্ধারণী মহল।

শিক্ষার্থীদের আন্দোলনের ভেতর বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব জেলার পুলিশ সুপার ও মহানগর পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আগের সংবাদতরঙ্গ আদান-প্রদানে প্রস্তুত বঙ্গবন্ধু স্যাটেলাইট
পরবর্তি সংবাদকারা হামলা করল মিরপুরে