
কাজী মাহবুবুর রহমান
বৃষ্টি হল পরম করুণাময় আল্লাহ তায়ালার এক অপূর্ব নিয়ামত। বৃষ্টি নিয়ে আমাদের বাংলাভাষায় রয়েছে অসংখ্য গান ও কবিতা। আমাদের যাদের শৈশব কেটেছে গ্রামে,তাদের ফেলে আসা গ্রামের অসংখ্য স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে বৃষ্টিও। ঝড়ের মৌসুম, বৃষ্টি, আম কুড়ানো এসব ছাড়া যেন আমাদের শৈশব কল্পনাই করা যায় না। আর যারা বেড়ে উঠেছি শহরে তাদেরও বৃষ্টির সঙ্গে রয়েছে অনেক আবেগ, প্রেম ও সখ্য। বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখা কিংবা বাড়ির ছাদে বৃষ্টিতে ভেজা; শহরের বৃত্তবন্দী জীবনের ভেতর এ এক বিরাট আনন্দের উৎস।
আমাদের দেশ ছয়টি ঋতু বাহিত একটি নাতিশীতোষ্ণ পরিবেশের দেশ। বাংলা চৈত্র মাসের পরে আসে বৈশাখ,জৈষ্ঠ ও আষাঢ়, এই তিন মাসেই মূলত বৃষ্টি থাকে। এর বাইরেও প্রাকৃতিক দুর্যোগ বা আবহাওয়া পরিবর্তনের কারণে অনেক সময় বৃষ্টি হয়ে থাকে।
শহরের বৃষ্টির আছে নানাদিক। বৃষ্টির আনন্দ ও বিলাস উপভোগ করা সম্ভব কেবল শহরের ধনী মানুষের পক্ষেই, যাদের নিরাপদ আবাস আছে এবং রাস্তার চলার জন্য আছে গাড়ি। এছাড়া যাদের পথেঘাটে কাজ করতে হয়, ছাপড়া ঘরে থাকতে হয়, ঘরে ফিরতে হয় হাঁটাপথে, বৃষ্টি তাদের জন্য একরকম দুর্ভোগের নাম। সবচে বেশী সমস্যা থাকে রাস্তাগুলিতে। সরকারের অবহেলায় পথঘাটে পানি জমে চলাচল দুস্কর হয়ে যায়। তাই কখনো কখনো বৃষ্টির সময়টা উপভোগের পরিবর্তে হয়ে ওঠে বিড়ম্বনার।
তবু আমরা উপযুক্ত সময়ে বৃষ্টি কামনা করি। যেন আমাদের উপর্যুপরি দাবদাহে আমাদের জীবন অতিষ্ঠ না হয়ে যায়। বর্তমানে আমাদের দেশে বিশেষত ঢাকা ও অন্যান্য শহরগুলিতে চলছে তীব্র দাবদাহ। মানুষের পক্ষে ঘরে থাকা ও ঘর থেকে বের হওয়া দুটোই দুস্কর হয়ে যাচ্ছে। নিন্মশ্রেণীর কর্মজীবি মানুষ ও মজদুরদের জন্য এই গরমে কাজ করা হয়ে পড়েছে অত্যন্ত কষ্টকর। গাছ কাটা ও পরিবেশ দুষণ করার কারণে এমনিতেও প্রতিনিয়ত গরমের তীব্রতা বাড়ছে। অধৈর্য হয়ে উঠছে মানুষ।
সকলেরই চাই স্বস্তি। এই স্বস্তির জন্য দরকার বৃষ্টি। হোক বৃষ্টি। শীতল হোক আমাদের জনজীবন। ধুয়ে মুছে দিয়ে যাক ক্লান্তি। তাই, এসময় সব কিছু ছাপিয়ে আমাদের প্রার্থনায় বারবার ফিরে আসছে এক পশলা বৃষ্টির আঁকুতি।
